শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৬৩১ কার্টন সিগারেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার আরাবিয়ার জি৯-৫৭১ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে ওই ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তিন যাত্রীর ব্যাগেজে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা জানায়, যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আটক করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।