সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষী ফের চারদিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিন সাক্ষীর ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খাইরুল ইসলাম।
এর আগে, গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় সাতদিনের রিমান্ড শেষ হয়।
.png)
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীদের গ্রেফতার করে।
পরে র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন আসামিকে গত ১৪ আগস্ট র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তার সাতদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।