ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জের পরবর্তী শুনানি ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ২০ অক্টোবর ২০২০
সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জের পরবর্তী শুনানি ১০ নভেম্বর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জের পরবর্তী শুনানি ১০ নভেম্বর ধার্য করেছেন আদালত। মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামিপক্ষের করা রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ দিন ধার্য করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

এর আগে পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী মাসুদ সালাহউদ্দিন সিনহার বোন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আগামী ১০ নভেম্বর সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন আদালত। এদিন মামলার বাদী শারমিন শাহরিয়ারকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা, পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলমসহ সিনিয়র আইনজীবীরা ছিলেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মেজর সিনহা হত্যা মামলার বাদী ও সিনহার বোন ঢাকায় থাকেন। তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। তাই বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ কারণে বিচারক মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন।

মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষের আইনজীবী যে রিভিশন আবেদনটি করেছেন তা সঠিক ও অগ্রহণযোগ্য। সেটি আমরা আগামী ধার্য তারিখ আদালতে আইনগতভাবে ব্যাখ্যা দেবো।

লিয়াকতের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন বলেন, গত ৫ আগস্ট কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে যে হত্যা মামলাটি করেন, সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি করা হয়েছে। কেনোনা সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পরপরই আরো দুটি মামলা করেছিলো। তাই একই ঘটনায় আরেকটি মামলা হতে পারে না।

সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিলো। ওই দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন।

৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত গুলি করে মেজর সিনহাকে হত্যা করেন।

এ ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এতে সাত পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন। পরবর্তীতে পুলিশের মামলার তিন সাক্ষী, এপিবিএনের তিন সদস্য ও আরেক কনস্টেবলসহ সাতজন সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। সবাইকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!