ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রানা প্লাজা ধস: ইমারত নির্মাণ মামলায় আরো একজনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫১, ৬ ডিসেম্বর ২০২০
রানা প্লাজা ধস: ইমারত নির্মাণ মামলায় আরো একজনের সাক্ষ্য
ফাইল ছবি

সাভারের রানা প্লাজার ইমারত নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় এ এইচ এম শওকত নামের একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ রবিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালতে তিনি এ সাক্ষ্য দেন।

এ নিয়ে মামলায় মোট ১৩০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এর আগে সাক্ষী এ এইচ এম আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষ হলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেন। 

মামলার আসামিরা হলেন, রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।মামলার মোট ১৮ আসামির মধ্যে পাঁচজন পলাতক। জামিনে আছেন ১০ জন। সোহেল রানাসহ তিন আসামি কারাগারে আছে। 

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবনের মালিক সোহেল রানাসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর পর ২০১৬ সালের ১৪ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন।
 

ডেইলি-বাংলাদেশ/EKD
লিংক সফলভাবে কপি হয়েছে!