ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাসের ধাক্কায় দম্পতি নিহত: চালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৪, ২২ জানুয়ারি ২০২১
বাসের ধাক্কায় দম্পতি নিহত: চালক কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর থানায় এলাকায় আজমেরী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে বাসচালক তসিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে একদিনের রিমান্ড শেষে বাসচালক তসিকুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

এদিকে গত ২০ জানুয়ারি বাসচালক তসিকুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামিপক্ষে অ্যাডভোকেট মুরাদুজ্জামান ও মনিম হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত জামিন খারিজ করে রিমান্ডের এ আদেশ দেন। 

গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫) নিহত হন। ঘটনার পর ওদিনই মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি। 

এদিকে এ মামলার এজাহার আদালতে পৌছালে মামলাটি তদন্ত করে আগামী ১৫ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!