ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চট্টগ্রামের ডিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল

অবৈধ ইটভাটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১৮ মার্চ ২০২১
চট্টগ্রামের ডিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল
ফাইল ছবি

চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধ না করায় চট্টগ্রামের ডিসি, পরিবেশ অধিফতরের পরিচালক ও উপপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 

আদালতের এ আদেশের কপি পাওয়ার ১০ দিনের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ৮ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

Advertisement

পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেন আদালত। আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটির্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

চট্টগ্রামের সব অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের জন্য গত বছর ১৪ ডিসেম্বর, চলতি বছরের ৩১ জানুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি আদেশ দেন হাইকোর্ট। চট্টগ্রামের ডিসি ও পরিবেশ অধিদফতরের পরিচালকের প্রতি এ নির্দেশ দেয়া হয়। 

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ইটভাটার মালিকরা আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেননি।

এ অবস্থায় আদালতের আদেশ কার্যকর করতে জেলা প্রশাসন আদালতে কাছ থেকে কয়েক দফা সময় নেয়া হয়। কিন্তু এরপরও অবৈধ ইটভাটা বন্ধ না হওয়ায় ডিসিসহ সংশ্লিস্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!