ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ ডিসেম্বর ২০২১
আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া
ফাইল ফটো

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

আদালতে মিথিলার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। ফারিয়ার পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট জে আই খান পান্না ও অ্যাডভোকেট জেসমিন সুলতানা।

Advertisement

এর আগে, গতকাল ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে তারা পৃথক জামিন আবেদন করেন।

গত ৪ ডিসেম্বর ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকেও আসামি করা হয়েছে।

এ মামলায় ইভ্যালির ও চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছিলেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

মামলা দায়েরের পর ওসি বলেছিলেন, মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনো উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!