ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সাহেদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ১৭ জুলাই ২০২২
সাহেদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২২ আগস্ট
মোহাম্মদ সাহেদ- ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার সাক্ষী দুদকের উপ-পরিচালক আহমেদ পাটোয়ারীর জেরার জন্য ধার্য ছিল। এজন্য কারাগার থেকে আসামি সাহেদকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আসামিপক্ষ জেরা শুরু করে। তবে জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করে।

এর আগে, ১৭ এপ্রিল আসামি সাহেদের অব্যাহতির আবেদন খারিজ করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ মে দিন ধার্য করেন আদালত।

২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ে তিনি তা জমা না দেওয়ায় তাকে আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। এরপরও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানের পর তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!