ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুদকের মামলায় জিকে শামীম ও তার মায়ের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৪, ১৮ অক্টোবর ২০২২
দুদকের মামলায় জিকে শামীম ও তার মায়ের বিচার শুরু
জি কে শামীম- ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। 

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ অভিযোগ গঠন করেন।

এদিন আসামি জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। তবে তার মা আয়েশা আক্তার অনুপস্থিত ছিলেন। এরপর জিকে শামীমের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জিকে শামীমকে নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ নভেম্বর দিন ধার্য করেন। 

Advertisement

২০১৯ সালের ২১ অক্টোবর দুদক উপ-পরিচালক সালাউদ্দিন বাদী হয়ে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন।  এরপর তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, জি কে শামীম ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উৎস পায়নি দুদক। এছাড়া শামীমের বাসা থেকে উদ্ধার নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও সাত লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রা, শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরো ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদার এবং জি কে বি অ্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উৎস পায়নি দুদক। অনুসন্ধানে জি কে শামীমের মা আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎসও খুঁজে না পাওয়ায় মামলাটি করে দুদক। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!