আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য বিচার বিভাগকে শক্তিশালী করা দরকার। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আদালতের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে। জুডিশিয়ারিকে গতিশীল করতে হবে। সবাই এগিয়ে আসুন, চলুন ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য বিচার বিভাগকে শক্তিশালী করি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে পিসি কলেজিয়ানস অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়ারি ফেল করলে গণতন্ত্র ফেল করবে। আর গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র অকার্যকর হবে। এটা আমার একার দায়িত্ব নয়। সবাই মিলে চেষ্টা করলে বিচার বিভাগের চাকা সচল থাকবে। স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারলে বিচার বিভাগ এগিয়ে যাবে।
.png)
তিনি আরো বলেন, আমরা যেখান থেকে উঠে এসেছি- সেই গ্রাম থেকেই বাংলাদেশের অধিকাংশ মানুষের উঠে আসা। তারা যখন আদালতের বারান্দায় ঘোরে, আমাদের উচিত তাদের যত কম খরচে বিচার পাইয়ে দেওয়া।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, চলতি বছর মামলা দায়ের থেকে নিষ্পত্তির হার বেড়েছে। এ বছরের জানুয়ারি থেকে যতগুলো মামলা ফাইল হয়েছে, তার কয়েকগুণ মামলা নিষ্পত্তি হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, ১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে আমরা তার সুবিধাভোগী। যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের বুকে ধারণ করতে হবে। আমরা কাজে গাফিলতি করলে, কোনো প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করলে তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।