বুধবার তিনদিনের রিমান্ড শেষে রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপ পরিদর্শক তৌহিদুল ইসলাম।
এদের মধ্যে মো. সাইফুল ইসলাম, মো. দীন ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড, মো. ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের ফের সাতদিনের রিমান্ড এবং মো. সুরুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
.png)
আবেদনের পরিপ্রেক্ষিতে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের পুনরায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন। একই আদালত অপর আসামি সুরুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব- ইন্সপেক্টর নিজাম উদ্দিন ফকির এসব তথ্য জানান। ২৮ জানুয়ারি এই ছয় আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ২৭ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ছয় জন জঙ্গিকে গ্রেফতার করে সিটিটিসি।