ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

৫ জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
৫ জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
ফাইল ফটো

ঢাকাসহ পাঁচ জেলার অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বায়ুদূষণ রোধে ধুলোবালিময় রাস্তায় ভালো করে পানি ছিটাতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেওয়া হয়েছে।

ঐ আদেশে নির্মাণকাজ চলা বাড়ি বা রাস্তা এবং মাটি-বালু বহনকারী গাড়িগুলো ঢেকে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের এসব আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Advertisement

আদেশে আদালত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় থাকা অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে আজ পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম। রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

মনজিল মোরসেদ বলেন, শুনানিতে আদালত ঢাকার দুই সিটি কর্পোরেশনের দেওয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের ডাকতে এখন লজ্জা লাগে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়-সাতবার দূষণরোধে বিভিন্ন আদেশ দিলেও কোনো কাজ হচ্ছে না।

তিনি বলেন, ২০২১ সালে হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে ১০০টির বেশি অবৈধ ইটভাটা থাকার কথা বলা হয়। উচ্ছেদের পর এখনো (২০২৩ সালে) ২০০টির বেশি অবৈধ ইটভাটা রয়েছে।

তাই দুই সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের আবারো দূষণরোধে আদেশ কার্যকর করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হাইকোর্ট নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!