রোববার দুই দফা রিমান্ড শেষে আকাশকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় সে ছিনতাইয়ের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ১৪ মার্চ ঘটনার মূল পরিকল্পনাকারী আকাশকে খুলনা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ১৫ মার্চ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর (পরিদর্শক) সাজু মিয়া। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। ২১ মার্চ রিমান্ড শেষে আকাশকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)
গত ৯ মার্চ সকালে উত্তরা থেকে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। প্রকাশ্যে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তরা থেকে ছিনতাই হওয়া ৪ বাক্স টাকার মধ্যে ৩ বাক্স উদ্ধার করে ডিবি।
ঘটনার দিন রাতেই তুরাগ থানায় মামলা করেন মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।