ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইস্রাফিল মারা গেছেন

আদালত প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:১১, ১৮ জুন ২০২৩
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইস্রাফিল মারা গেছেন
মো. ইস্রাফিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা, ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইস্রাফিল মারা গেছেন।

রোববার সকাল ৬টার দিকে রাজধানীর পল্টনে নিজ বাসায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার সাভারের ভাকুর্তা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. ইস্রাফিল। তার বাবার নাম দুদু মিয়া ও মা চম্পাবিবি। ১৯৬৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৬৮ সালে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম.কম করেন।

১৯৭৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আইনজীবী সমিতির সদস্য হন। এরপর ১৯৭৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

১৯৯৯-২০০০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৮ সনে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন।

অ্যাডভোকেট মো. ইস্রাফিল ঢাকা বার অ্যাসোসিয়েশন, ইনকাম ট্যাক্স বার অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশানাল বার অ্যাসোসিয়েশন, ল এশিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন। তিনি সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ বার কাউন্সিলের প্যানেল ল’ইয়ার ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!