ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর মৃত্যু: সাক্ষ্য পিছিয়ে ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২০ জুলাই ২০২৩
বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর মৃত্যু: সাক্ষ্য পিছিয়ে ৩০ জুলাই
ফাইল ফটো

বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে ৩৪ যাত্রীর মৃত্যুর মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ জুলাই দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানোর আবেদন করে। আবেদন মঞ্জুর করে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া সাক্ষ্যগ্রহণের নতুন এদিন ধার্য করেন। 

এর আগে গত ৮ জুন গাজীপুর জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মিশকাত শুকরানা এ মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তিনি লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আসামিদের জবানবন্দি গ্রহণ করেছিলেন। তখন তিনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এসব তথ্য জানান। 

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ, সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় এটি।  দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ৯ ফেব্রুয়ারি সদরঘাট নৌ-থানা পুলিশের সাব-ইন্সপেক্টর শহিদুল আলম ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।    

আসামিরা হলেন- ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ, মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন, সুকানি নাসির হোসেন মৃধা, গিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: লঞ্চডুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!