ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এস আলমের সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪
এস আলমের সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ
ফাইল ফটো

দেশে-বিদেশে থাকা এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রুকুনুজ্জামান।

Advertisement

এর আগে এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা এবং তা স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়। আইনজীবী মো. রুকুনুজ্জামান রিটটি করেন।

রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।

এছাড়াও রিটে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপ এ পর্যন্ত কি পরিমাণ ঋণ নিয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রোকের নির্দেশনা চাওয়া হয়। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিট আবেদনে।

প্রসঙ্গত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রহণ করা মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায়সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠায় রিটকারী আইনজীবী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আইনসচিব, দুদক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্টদের ঐ নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিটটি করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!