রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান
বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
এক দিনের রিমান্ড শেষে রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম এ আবেদন করেন। অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে এসব আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
.png)
এর আগে শনিবার (৩ অক্টোবর) আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর। পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে দেরি, ট্রলির সংকট ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বপালনরত নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
মামলার পর শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলার পরবর্তী কার্যক্রম।