ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইউপি নির্বাচনে সাংসদ ও সরকারি সুবিধাভোগীদের প্রচারে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ২৫ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচনে সাংসদ ও সরকারি সুবিধাভোগীদের প্রচারে বিরত থাকার নির্দেশ
ফাইল ফটো

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার বা নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্য ও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশ না নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের অবিলম্বে এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।

শনিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ২২ এর উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

নির্দেশনায় বলা হয়, বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্যরা এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এসব খবর আসছে।

সংসদ সদস্য বা আচরণ বিধিমালার বিধি-২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনী এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনী এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিধি পরিপন্থী কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনী পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।

এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের দ্রুত এলাকা ছাড়ার অনুরোধ করেছে কমিশন।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!