ঈদে নৌপথে ঢাকা ছাড়বেন ৩০ লাখ মানুষ: জাতীয় কমিটি
ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলাগুলোর প্রায় ৩০ লাখ মানুষ নৌপথে গন্তব্যে যাবে। এরমধ্যে তিন লাখ নারায়ণগঞ্জ নদীবন্দর হয়ে যাবে। বাকি ২৭ লাখ যাবে সদরঘাট টার্মিনালসহ ঢাকা নদীবন্দরের বিভিন্ন ঘাট হয়ে যাবে। তাই এবারো সদরঘাটের ওপর অস্বাভাবিক চাপ পড়বে।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির ঈদ-পূর্ব পর্যবেক্ষণ ও জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।
রোববার সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন।
.png)
প্রতিবেদনে বলা হয়, ঈদে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকা অঞ্চল ছেড়ে যায়। তাদের মধ্যে ২০ শতাংশ (৩০ লাখ) যায় নৌপথে। এর প্রায় শতভাগই উপকূলীয় জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, শরিয়তপুর ও মাদারীপুরের যাত্রী।
এসসিআরএফ জানায়, ঈদের সরকারি ছুটি শুরু হবে ২৭ জুন থেকে। তবে ঈদের আগের সপ্তাহের শেষ কর্মদিবস ২২ জুন থেকে কার্যত ঘরমুখি জনস্রোত শুরু হবে। তবে শিক্ষার্থী ও গৃহবধূসহ প্রায় ১৫ শতাংশ (৪ লাখ ৫০ হাজার) মানুষ ঈদযাত্রা শুরুর আগেই ঢাকা ছেড়ে যায়। ফলে ২২ জুন থেকে ঈদের আগের দিন ২৮ জুন পর্যন্ত সাত দিনে ২৫ লাখ ৫০ হাজার যাত্রী নৌপথে গন্তব্যে যাবে।
এর মধ্যে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চে যাবে ২২ লাখ ৮৫ হাজার। এই হিসেবে সদরঘাট থেকে প্রতিদিন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ যাত্রী গন্তব্যের উদ্দেশে লঞ্চে চড়বে।
জাতীয় কমিটির প্রতিবেদনে বিড়ম্বনামুক্ত নিরাপদ ঈদযাত্রার স্বার্থে সরকারি উদ্যোগে বিকল্প ব্যবস্থায় নৌযানের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া টার্মিনালসহ নৌপথে সর্বোচ্চ নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।