ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সমুদ্র দূষণ: হুমকির মুখে ব্লু ইকোনমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ৮ জুন ২০২৪
সমুদ্র দূষণ: হুমকির মুখে ব্লু ইকোনমি
ছবি: সংগৃহীত

সমুদ্রের তলদেশ যে বিপুল সম্পদের ভাণ্ডার তা সহজেই অনুমেয়। মূল্যবান মৎস্য সম্পদসহ সমুদ্রপথে পণ্য আমদানি-রফতানির অপার সম্ভাবনাসহ তেল-গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ থাকায় সমুদ্রকে বলা হয় সম্পদের স্বর্গরাজ্য। দেশের মূল ভূখণ্ডের সমান সমুদ্রসীমা মালিকানা হওয়া সত্ত্বেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। সেই সঙ্গে প্লাস্টিক দূষণ ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য।

এক গবেষণায় দেখা গেছে, সমুদ্র তলদেশে শুধুমাত্র প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ১৫ কোটি টন। ২০৪০ সাল নাগাদ যা দাঁড়াবে ৬০ কোটি টনে, যা সমুদ্রে বিরাজমান সম্পদের জন্য মারাত্মক হুমকি।

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতে হাঁটতে গেলেই চোখে পড়বে প্লাস্টিক বোতল, পলিথিন, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। আর দূষণে প্রতিবছর মারা পড়ছে সামুদ্রিক কাছিম, ডলফিন ও তিমি। তবে সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এর তলদেশে মিলছে দূষণের ভয়াবহ চিত্র। যার কারণে পানি ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি বিলুপ্তি ঘটছে সামুদ্রিক প্রাণীর। হুমকির মুখে পড়ছে ব্লু ইকোনমি।

Advertisement

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ শরীফ বলেন, প্লাস্টিক দূষণ ছাড়াও সমুদ্র আরো অনেক কারণে দূষিত হয়ে থাকে। যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে বর্জ্যগুলো আসে সেগুলো কিন্তু পরিবেশের জন্য ঝুঁকির কারণ। এগুলো খাদ্য শৃঙ্খলে চলে আসছে বিভিন্নভাবে। আর বৈশ্বিক পরিবর্তনটাও কিন্তু বিভিন্ন দূষণের কারণেই হচ্ছে। একইসঙ্গে গ্রিন হাউজের প্রভাবের কথা বলি এক ধরনের সিএফসি বা গ্রিন হাউজ গ্যাসের জন্য হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ঋতুগুলো পর্যন্ত বদলে যাচ্ছে। আগে আমাদের যেই সময় বৃষ্টি হতো বৃষ্টির সময়টাও বদলে গেল। যেই দীর্ঘ সময় ধরে বর্ষাকাল থাকতো সেটাও পরিবর্তন হয়ে গেছে। শীত কমে গেলে, গরম বেড়ে গেল। এ সবকিছুই কিন্তু দূষণের ফল।

তিনি বলেন, এই যে যত্রতত্র প্লাস্টিক ফেলা হচ্ছে সেটা বিভিন্নভাবে পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে। সেটা সেন্টমার্টিন হোক, কক্সবাজার হোক, নোয়াখালী বা হাতিয়া কিংবা সুন্দরবন হোক। এসব কিন্তু নদী-নালা ও খাল-বিলের মাধ্যমে সাগরেই যাচ্ছে। কিছু শিল্প-কলকারখানার প্লাস্টিক এবং বিভিন্ন ধরনের একক ব্যবহৃত প্লাস্টিক- এগুলোও কিন্তু সাগরেই যাচ্ছে। এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে দুইভাবে ক্ষতি করে। প্রথমত, খাদ্য শৃঙ্খলের মধ্যে চলে যাচ্ছে, দ্বিতীয়ত সাগরের বালির সঙ্গে মিশে সাগরের পরিবেশ নষ্ট করছে।

তিনি আরো বলেন, সাগরে স্কুবা ডাইভিং করতে গেলে অনেক সময় দেখা যায় একক ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন ও ক্যান এসব যে জায়গায় থাকে সেই জায়গারই ক্ষতি করছে। বালি, শৈবাল, মাছ, কাছিম ও হাঙর সবকিছুরই ক্ষতি হতেই থাকবে যতক্ষণ প্লাস্টিককে নিয়ন্ত্রণ করতে না পারি।

দেশের অর্থনীতিতে বর্তমানে ব্লু ইকোনমির অবদান ৯ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট অর্থনীতির মাত্র ৬ শতাংশ। সমুদ্রে থাকা মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ ও পর্যটনের ক্ষেত্রকে কাজে লাগিয়ে ২০৩০ সাল নাগাদ বছরে কোটি কোটি ডলার আয় করা সম্ভব বলে ধারণা গবেষকদের। এজন্য সমুদ্র অর্থনীতির ব্যাপারে সমন্বিত নীতি, পরিকল্পনা ও প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ সমুদ্র গবেষকের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!