ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪, ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেবল সরকারের একার উদ্যোগের ওপর ছেড়ে না দিয়ে দেশের প্রতিটি নাগরিককে, বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধমূলক পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালসহ কয়েকটি সরকারি ভবনে আকস্মিক পরিদর্শন চালান।

হাসপাতাল পরিদর্শনকালে সেখানকার সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতার বাজে অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি সুসংহত ও পরিবেশ উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি সাত দিনের কঠোর সময়সীমা বেঁধে দেন।

পরবর্তীতে রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র থাকে। আর ডেঙ্গুর সাথে লড়তে হলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে প্রতিরোধ ও পরিচ্ছন্নতা। ঢাকার আড়াই কোটির বেশি মানুষের পরিচ্ছন্নতা নিশ্চিত করা একা সিটি করপোরেশনের পক্ষে অসম্ভব উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি যত্রতত্র ময়লা ফেলার মানসিকতা ত্যাগ করা, ডাস্টবিন ও গাছের চারা চুরির মতো অপরাধ বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থী ও তরুণদের নিজেদের ও স্বজনদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!