ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রিয়াদে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২, ২২ অক্টোবর ২০২৬
রিয়াদে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত ওমরাহযাত্রীদের চিকিৎসা, দেশে প্রত্যাবর্তন ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে নিহত হন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর এলাকার বাসিন্দা মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি ওই কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

হামলার খবর পাওয়ার পর ধর্মমন্ত্রী কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও নিয়মিত তাঁদের খোঁজখবর নেন মন্ত্রী। হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

নিহত নাসরুল্লাহর পরিবারের প্রতি সমবেদনা জানাতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে তাঁর বাড়িতে যায়। এ সময় পরিবারের স্থায়ী আবাসন, সন্তানদের শিক্ষার দায়িত্ব এবং মরদেহ দাফনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের সঙ্গে ফোনালাপে মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ধর্মমন্ত্রী। পাশাপাশি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।

এদিকে, হামলার শিকার ওমরাহ কাফেলার ৩৩ সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, পরিচালক (হজ) মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ বলেন, দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় তাঁরা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। ধর্মমন্ত্রী তাঁদের জন্য নৈশভোজের ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ মাদরাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ সময় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইনের নেতৃত্বে ওলামায়ে কেরাম ও ওমরাহ কাফেলার সদস্যরা বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, আবাসনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় সৌদি সরকারের প্রতিও ধন্যবাদ জানান তাঁরা।

বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!