ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিশিক্ষায় জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ২ নভেম্বর ২০২৬
দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিশিক্ষায় জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

প্রযুক্তিভিত্তিক, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ দুপুরে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক বাংলাদেশ গড়তে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্যপ্রযুক্তির চর্চা এবং মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে রাজনৈতিক পটপরিবর্তনের পরও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। ‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’—এ নীতিকে গুরুত্ব দিতে হবে। দেশ মানে শুধু ভূখণ্ড বা পতাকা নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জনগণের স্বাধিকার ও মালিকানার সম্পর্ক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, শহীদ নাসিরউদ্দিন পিন্টুসহ অন্য ছাত্রনেতাদের প্রচেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।

কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর স্বতন্ত্র ও আধুনিক আবাসিক সুবিধাসম্পন্ন নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না। এ জন্য শিক্ষার গুণগত পরিবর্তন ও গবেষণামুখী শিক্ষা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে নয়, মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে।

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জনের পর বেকার থাকার পরিবর্তে আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।

সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকতে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও মেধাভিত্তিক জনশক্তি তৈরির বিকল্প নেই।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেম ধারণ করে জাতীয় ঐক্য বজায় রাখার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!