নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক হোসেন
নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। কিছুদিন আগে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে তারা মনে করেন।
তথাকথিত হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচির কোনো প্রভাব নেই। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দলটি বর্তমানে নিষিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হবে। আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই দলটির রাজনীতি করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ইশরাক বলেন, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। দেশের বাইরে থেকে নেতারা নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
তিনি আরও বলেন, সকাল থেকেই হরতালের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। সড়কে যানজট ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জনগণকে নিজেদের অবস্থানে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সরকারের কার্যক্রম তুলে ধরে ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের পরিস্থিতির উন্নতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। এ প্রচেষ্টা সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি মানুষের তুলনায় পুলিশের সংখ্যা কম। ফলে শুধু পুলিশের পক্ষে সব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক বলেন, বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরাতে চায় সরকার। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার মামলার আসামি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে বলে জানান তিনি।