ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার
ফাইল ছবি

রেমিট্যান্স পালে সুবাতাস বইছে চলতি অর্থবছরের শুরু থেকেই। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দেশে এসেছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই দিনে এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার।

পরিসংখ্যানে আরও দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ৯৪ কোটি ৭০ লাখ ডলার। এই হিসেবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১৯ শতাংশ।

Advertisement

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। বিশেষ করে চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে। জুলাই ও আগস্টের পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতেও ভালো প্রবাহ থাকায় সামনের দিনগুলোতে রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!