ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিশ্ব সুন্দরীর মুকুট উঠল জোহেইরির মাথায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সুন্দরীর মুকুট উঠল জোহেইরির মাথায়
সংগৃহীত ছবি

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ এই খেতাব অর্জন করেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসে মিস ওয়ার্ল্ডের জমকালো চূড়ান্ত আয়োজন। সেখানেই সেরার মুকুট মাথায় ওঠে ডোমিনিকান এই সুন্দরীর।

Advertisement

এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জয় করেছিলেন জোহেইরি মোলা। সেই সাফল্যের পথ ধরেই মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

ফ্যাশন ও মডেলিং অঙ্গনে পরিচিত জোহেইরি একই সঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।

শনিবারের চূড়ান্ত পর্বে জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

মুকুট জয়ের পর মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে সংস্থাটির জনপ্রিয় ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানেরও প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের মুকুট পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!