বিশ্বজুড়ে প্রশংসিত বাংলাদেশি জাদুশিল্পী আলীরাজ এবার একক জাদু প্রদর্শনী নিয়ে যাচ্ছেন জাপানে। একটি আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণ ও চুক্তির আওতায় মাসব্যাপী টিকিটের বিনিময়ে এই প্রদর্শনীর আয়োজন করা হবে।

.png)
এর আগে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন আলীরাজ। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে তিনি বাংলাদেশের ঐতিহ্য ও আধুনিক জাদুশিল্পকে ভিন্নধর্মী উপস্থাপনায় তুলে ধরেছেন।

জাপান সফরে ওসাকা, টোকিও, আওয়াজি, নাগাসাকি ও নাগোয়াসহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহরে তার একক জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিদেশের মাটিতে টানা ৪২৫টি সফল বাণিজ্যিক জাদু প্রদর্শনী আয়োজনের অভিজ্ঞতা রয়েছে আলীরাজের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও জাদুশিল্পকে পরিচিত করে তুলতে তার এই ধারাবাহিক সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।