ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালপুরে রান্নাঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৬
লালপুরে রান্নাঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
লালপুর থানা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে নিজ বাড়ির রান্নাঘরে সাপের কামড়ে মমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মমেনা খাতুন উপজেলার মাঝগ্রাম এলাকার মৃত ময়েন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মমেনা খাতুন নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

লালপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!