ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জাতিসংঘের জলবায়ু আলোচনা ‘ভণ্ডামি’: গ্রেটা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১১ নভেম্বর ২০২৬
জাতিসংঘের জলবায়ু আলোচনা ‘ভণ্ডামি’: গ্রেটা
ছবি : রয়টার্স

জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেছেন, মানুষের ভালোবাসার সবকিছুই জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়েছে।

এই সংকট মোকাবিলায় মুনাফা ও রাজনৈতিক ক্ষমতার চেয়ে মানুষ এবং পৃথিবীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন গ্রেটা।

জাতিসংঘের জলবায়ু আলোচনা প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, এসব সম্মেলন কার্যত ‘ভণ্ডামিতে’ পরিণত হয়েছে। প্রতিবছর আয়োজক দেশগুলো নিজেদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পায়। একই সঙ্গে পরিবেশের ক্ষতি করে মুনাফা অর্জনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর লবিস্টরা এসব আলোচনায় প্রভাব বিস্তার করেন।

গ্রেটা বলেন, জলবায়ু পরিবর্তন সবকিছুর জন্যই হুমকি। মানুষের প্রিয় সবকিছু এবং প্রত্যেকেই এখন ঝুঁকির মধ্যে রয়েছে। অল্প কিছু মানুষের বিপুল মুনাফা ও ভূ-রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে বিশ্বের অধিকাংশ মানুষ এবং পৃথিবীকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে মানুষের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানুষের স্বাভাবিক জীবন ও মানবিক চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে।

এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাপপ্রবাহ, বন্যাসহ বিভিন্ন প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের এক বছর পর। একই সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে নতুন করে জ্বালানি সংকটের পরিস্থিতিও তৈরি হয়েছে।

কপ-৩১ সম্মেলনের সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহ দিচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনে দেশ দুটি এখনো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, যার মধ্যে কয়লার ব্যবহার উল্লেখযোগ্য।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একক প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে ‘বাজে কথা’ বলে সমালোচনা করেছিলেন তিনি। এরপর আন্তালিয়ার কপ-৩১ সম্মেলনেই প্রথমবারের মতো আবার অংশ নিলেন এই জলবায়ুকর্মী।

গ্রেটার উপস্থিতিতে সম্মেলনে অংশ নেওয়া তরুণ জলবায়ুকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা গেছে। অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের ফেলো অ্যাম্বার টার্নার আশা প্রকাশ করেছেন, গ্রেটার উপস্থিতি তাদের জলবায়ু আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য আরও স্পষ্টভাবে মনে করিয়ে দেবে।

সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিয়ুন উ বলেন, গ্রেটার অংশগ্রহণ এমন একটি প্রজন্মের দাবিকে আরও জোরালো করবে, যারা এসব সম্মেলনের সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব বহন করবে।

আগামী ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় চলবে কপ-৩১ সম্মেলন। আর ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় কপ-৩২ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!