ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইজতেমার প্রথম পর্বের ফটো ফিচার
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এ পর্ব। মোনাজাতে অংশ নিতে এদিন ইজতেমাস্থলে লাখো মানুষের ঢল নামে। তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখতির হয়ে ওঠে।
ইজতেমার এই পর্বের আখেরি মোনাজাত ও মুসল্লিদের বাড়ি ফেরা নিয়ে এই ফটো ফিচার-

সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত প্রায় ২৫ মিনিট চলে। এই সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে গুনাহ থেকে মুক্তির জন্য চোখের জল ফেলেন মুসল্লিরা।

লাখো মুসল্লির জমায়েতের কারণে ইজতেমা মাঠে তিল ধারণের জায়গা ছিল না। বাধ্য হয়ে অনেকে ইজতেমা মাঠের পাশের রাস্তায় বসে আখেরি মোনাজাতে অংশ নেন।

ইজতেমা মাঠে জায়গা না পাওয়ায় উত্তরার বিভিন্ন সড়কে মুসল্লিরা অবস্থান নেন। সেখানে বসেই তারা আখেরি মোনাজাতে হাত ওঠান।

ইজতেমার প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। রাস্তায় যানবাহন না থাকায় পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে তাদের।

টঙ্গি স্টেশনে ট্রেন থামতেই মুহূর্তের মধ্যেই বগিগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। উপায় না বুঝে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ইজতেমা থেকে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।