ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবীর এতো কাছ দিয়ে গ্রহাণু আগে কখনো যায়নি

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১৯ আগস্ট ২০২০
পৃথিবীর এতো কাছ দিয়ে গ্রহাণু আগে কখনো যায়নি
পৃথিবীর এতো কাছ দিয়ে গ্রহাণু আগে কখনো যায়নি।

পৃথিবীর পাশ দিয়ে রেকর্ড পরিমাণ কম দূরত্বে উড়ে গেলো একটি গ্রহাণু। সদ্য আবিষ্কার হওয়া গাড়ি সমান আকারের গ্রহাণুটি পৃথিবী থেকে দুই হাজার ৯৫০ কিলোমিটার ওপর দিয়ে গেছে। প্রথমে গ্রহাণুটি ‘জিটিএফওডিএক্সকিউ’ নামে পরিচিতি পায়। তবে গ্রহাণুটির বর্তমান নামকরণ হয়েছে ‘২০২০কিউজি’।

মঙ্গলবার পৃথিবীর কাছ দিয়ে গ্রহাণুটি যাওয়ার খবর জানায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। এ পর্যন্ত পর্যবেক্ষণ করা পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাওয়া গ্রহাণু এটি। 

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে জানায়, পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাওয়া গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানলেও কোনো ক্ষতির সম্ভাবনা ছিল না। এটি বায়ুমণ্ডলে বিচ্ছিন্ন হয়ে যেত। তবে আকাশে আগুনের বল বা উল্কাপিণ্ড তৈরির সম্ভাবনা ছিল।

Advertisement

১০ থেকে ২০ ফুট লম্বা গ্রহাণুটি গ্রিনিচ মান সময় ৪টা ৮ মিনিটে দক্ষিণ ভারত মহাসাগরের ওপর দিয়ে অতিক্রম করেছে। প্রতি সেকেন্ডে প্রায় আট মাইল বেগে ছুটে চলা গ্রহাণুটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহের যে কক্ষপথ রয়েছে, তার অনেক নিচ দিয়ে গেছে।

প্রথমে গ্রহাণুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিন্তু ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে অবস্থিত জুউইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি টেলিস্কোপে গ্রহাণু শনাক্ত হওয়ার ছয় ঘণ্টা পর এটির গতিবিধি রেকর্ড করা হয়।

নাসার গবেষকেরা বলেন, গাড়ির সমান আকারের এমন গ্রহাণু প্রতিবছরই কয়েকবার একই দূরত্বে পৃথিবীর কাছ দিয়ে উড়ে যায়। কিন্তু গ্রহাণুগুলোকে রেকর্ড করা কঠিন। যদি কোনো গ্রহাণু সরাসরি পৃথিবীর দিকে আসে তবে তা ধরা পড়ে। কারণ গ্রহাণুগুলো বায়ুমণ্ডলে এসে বিস্ফোরণ ঘটায়। ২০১৩ সালে রাশিয়ায় ‘২০২০কিউজি’ আকারের মতো একটি গ্রহাণুর আঘাতে প্রায় এক হাজার মানুষ আহত হন।

নাসার একটি মিশনে পৃথিবীর জন্য হুমকি স্বরূপ ৪৬০ ফুটের বড় গ্রহাণু পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি মিশনটিতে ছোট গ্রহাণুও পর্যবেক্ষণ করা হয়।

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের পরিচালক পল কোডাস বলেন, ছোট একটি গ্রহাণু আমাদের এতোটাই কাছে এসেছে তা সত্যিই অভিভূত করেছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ‘২০২০কিউজি’ গ্রহাণুর পথ বাঁকিয়ে দিয়েছিল। তাই গ্রহাণুটির পৃথিবীর দিকে প্রায় ৪৫ ডিগ্রি বেঁকে গিয়েছিল।

সূত্র- টাইমস নিউজনাউ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!