প্রদীপের দীর্ঘদিনের নানান অপকর্ম ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। এখন প্রতিদিনই প্রকাশ হচ্ছে তার অপকর্মের ফিরিস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিস্তর চর্চা হচ্ছে প্রদীপকে নিয়ে। এবার তার উপদেশ সম্বলিত বিলবোর্ডের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।
ওই বিলবোর্ডে লেখা রয়েছে, “প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেয়া আপনার নৈতিক দায়িত্ব। নজর রাখুন সে কার সাথে মেলামেশা করছে।”
.png)
তার এসব নৈতিক উপদেশ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ এসব উপদেশকে হাস্যকর বলে মন্তব্য করেছেন।
১৯৯৬ সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন প্রদীপ। পরে পদোন্নতি পেয়ে হন ওসি। এর মধ্যে ঘুষ দাবিসহ নানা অভিযোগে সাময়িক বরখাস্ত, প্রত্যাহার ও বদলি হয়েছেন একাধিকবার। মাত্র ২৪ বছরে নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ। অভিযোগ- চট্টগ্রাম ও কক্সবাজারের পাশাপাশি দেশের বাইরেও একাধিক বাড়ি আছে তার। তিনি দুর্নীতির টাকায় মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ও সম্পৃক্ত রয়েছেন।
প্রদীপ কুমার দাশের সম্পদের খোঁজে এরইমধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. মাহবুবুল আলম সাংবাদিকদের জানিয়েছেন খুব দ্রুতই এর প্রতিবেদন দেয়া হবে।