ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিসিসিআই থেকে কপিল দেবের পদত্যাগ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ২ অক্টোবর ২০১৯
বিসিসিআই থেকে কপিল দেবের পদত্যাগ 
ছবি: সংগৃহীত

বিসিসিআই ক্রিকেট পরামর্শক কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন কপিল দেব। সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রকাশক কমিটির কাছে ই-মেইল পাঠিয়ে সিএসি’র প্রধানের পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন কপিল। 

কিন্তু কী কারণে তিনি এই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন, তা উল্লেখ করেননি তিনি। উল্লেখ্য তার নেতৃত্বাধীন কমিটির সুপারিশেই গত আগস্টে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ নিযুক্ত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কপিলের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই পদত্যাগ করেছেন তিনি।

Advertisement

‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থ সংঘাত বিতর্ক ভারতীয় ক্রিকেটে নতুন নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) অনেকেই এই স্বার্থ সংঘাতের বলি হয়েছেন।

গত জুলাইয়ে ক্রিকেট পরামর্শক কমিটির সদস্য হিসেবে নিয়োগ পান কপিলসহ আরো দুজন। তাদের তত্ত্বাবধানেই ভারতীয় দলের কোচ নির্বাচন করা হয়। যেখানে শাস্ত্রীকে আবারো কোহলিদের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এরপরই কপিলসহ কমিটির অন্য দুই সদস্য সাবেক ভারতীয় ওপেনার অংশুমান গায়কোয়াড় ও সাবেক নারী ক্রিকেটার শান্তা রঙ্গস্বামীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠে। তাদের এ বিষয়ক একটি নোটিশ পাঠান বোর্ডের নীতি-নৈতিকতা বিষয়ক কর্মকর্তা ডিকে জৈন। অভিযোগটি করেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্ত।

বিসিসিআইয়ের সংবিধান মতে, একই সঙ্গে একাধিক পদে থাকা যায় না। সেখানেই সঞ্জীব অভিযোগ এনেছেন, ক্রিকেট সংক্রান্ত একাধিক পদে রয়েছেন কপিল। তার অভিযোগ, কপিল একই সঙ্গে ধারাভাষ্যকার, একটি ফ্লাডলাইট কোম্পানির মালিক, ক্রিকেট পরামর্শক কমিটির সদস্য, আবার ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যও।

অভিযোগের পর মঙ্গলবার ক্রিকেট পরামর্শক কমিটি থেকে পদত্যাগ করেন রঙ্গস্বামী। বুধবার পদত্যাগ করলেন কপিলও। 
এর ফলে স্বচ্ছতার কারণে বিসিসিআইকে আবার নতুন করে কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হতে পারে। যদি তাই হয় সেক্ষেত্রে আবার নতুন ক্রিকেট পরামর্শক কমিটি গঠন করে কোচ নির্বাচন করতে হবে।

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!