বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। তিনি বলেন, সাকিব এই মুহূর্তে টি–২০ খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আইপিএলে খেলার জন্য আগেই বিসিবির কাছে মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজ সংকেত পাওয়ার পর পরশু আকরাম খানের কাছে ছুটি চেয়ে ই–মেইলও পাঠান তিনি। এরপর গতকাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
.png)
দিনক্ষণ চূড়ান্ত না হলেও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এবারের আইপিএল শুরু হওয়ার কথা। চলবে প্রায় মে মাস জুড়ে। কিন্তু এপ্রিল-মে, এই দুই মাসেই বাংলাদেশ দল শ্রীলংকার বিপক্ষে দুটি সিরিজ খেলবে। এপ্রিলে শ্রীলংকায় দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এরপর মে মাসে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজে খেলবেন বলে বিসিবিকে জানিয়েছেন।