তিন টেস্টের ফাইনাল চান কপিল দেব
ইংল্যান্ডের সাউদাম্পটনে আগামী ১৮ই জুন থেকে প্রথমবারের মতো আয়োজিত হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক ফাইনাল। ম্যাচটিতে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এমন আসরের বিজয়ী নির্ধারণে একটি টেস্ট নয় বরং তিন টেস্টের ফাইনাল হওয়া উচিৎ বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসিকে বাহবা দিয়েছেন কপিল দেব। ‘মিড-ডে’-এর সঙ্গে কথোপকথনের সময় ভারতের এই সাবেক অলরাউন্ডার বলেন, আমার মতে এরকম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণে কেবল একটি ম্যাচ যথেষ্ট নয় বলে মনে করি। ম্যাচ আরো বেশি হলে ভালো হতো।
তিনি আরো বলেন, অবশ্য আজকাল ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া বড় বিষয় নয়। তবে এই পরিবেশে কিছু ম্যাচ খেললে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সুবিধাই হতো। তবে এটিকে কোনভাবেই অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না।
.png)
কপিল দেব যোগ করেন, টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি এমন কিছু (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) আয়োজন করেছে। আমি নিশ্চিত যে, এটি জনগণের মধ্যে আনন্দের খোরাক হবে। তবে আমি মনে করি, তিন টেস্টের ফাইনাল হলে দুর্দান্ত হতো।
প্রথমে লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় ঐতিহাসিক এই ফাইনাল সাউদাম্পটনের রোজ বোলে সরে গেছে। কপিলের মতে, লর্ডস অথবা ওল্ড ট্র্যাফোর্ডই ফাইনাল ম্যাচটির জন্য উপযুক্ত ভেন্যু হতো।
এ ব্যাপারে সাবেক এ কিংবদন্তি ক্রিকেটার বলেন, রোজ বোলের চেয়ে লর্ডস অবশ্যই ভাল ভেন্যু হতো, কেননা এর দুর্দান্ত ইতিহাস রয়েছে। এমনকি ম্যানচেস্টার (ওল্ড ট্র্যাফোর্ড) একটি ভাল পছন্দ হতে পারতো। লর্ডসের মাঠে জয় উদযাপনে বিশেষ কিছু রয়েছে।