ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৩১ ডিসেম্বর ২০২১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ
সৌরভ গাঙ্গুলী

দুই বার টিকা নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই) প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমনকি তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির বিষয়, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন সৌরভ গাঙ্গুলী। দ্রুতই তার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। রাতে নিয়মিত ভাল ঘুম হওয়ার পাশাপাশি তার খাওয়াও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

সৌরভ যেদিন হাসপাতালে ভর্তি হন সেদিন তাকে ডক্সিসাইক্লিন জাতীয় ঔষধ দেওয়া হয়। এর সঙ্গে তাকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। এরপরেই জানা যায় মহারাজ সম্ভবত ওমিক্রন আক্রান্ত নন। ওমিক্রন আক্রান্ত হলে চিকিৎসায় যা সাড়া দেওয়ার কথা, তার থেকে ভাল সাড়া দিয়েছে তার শরীর।

পরবর্তীকালে সৌরভের সর্দি জমে থাকার সমস্যারও সমাধান হয়। বলা যায় বেশ দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে। একই সঙ্গে তার প্রেসার, পালস রেট সব স্বাভাবিক আছে। এর ফলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিজের গাড়িতেই হাসপাতাল থেকে বাড়ি গেছেন সৌরভ। সেখানে তাকে বেশ সুস্থ দেখা গেছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকেই সেঞ্চুরিয়ানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট নজর রেখেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

কোহলিদের জয়ের পর টুইটও করেন সৌরভ। টুইটে তিনি লিখেছেন, দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো কঠিন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজের ক্ষমতা বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!