ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন কৌতিনহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৫, ৮ জানুয়ারি ২০২২
বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিলেন কৌতিনহো
ফিলিপে কৌতিনহো

মৌসুমের বাকি সময়ের জন্য বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। ভিলার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্নের জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে বার্মিংহামের পথে রওয়ানা দিবেন কৌতিনহো।

২৯ বছর বয়সী কৌতিনহো ২০১৮ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। কিন্তু ক্যাম্প ন্যুতে তার সময় মোটেই ভাল কাটেনি। ২০১৯/২০ মৌসুম তিনি ধারে বায়ার্ন মিউনিখে খেলেছেন।

Advertisement

লিভারপুলে একসাথে খেলা ভিলা বস স্টিভেন জেরার্ডের সাথে সুসম্পর্ক থাকার সুবাদে কৌতিনহোর লন্ডনে ফিরে আসার কাজ সহজ হয়েছে। এর আগে লিভারপুলের জার্সি গায়ে ছয় বছর প্রিমিয়ার লিগে খেলেছেন কৌতিনহো। এই সময়ে মধ্যে ২০০-এরও বেশী ম্যাচে ৫৪ গোল করেছেন তিনি।

কৌতিনহো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেরার্ড বলেছেন, কৌতিনহোর উইকি পেজ দেখলেই বোঝা যাবে যেখানেই সে গেছে সেখানেই তার দল বিজয়ী হয়েছে। ব্রাজিলের হয়ে ইতোমধ্যেই কৌতিনহো ৬৩টি ম্যাচ খেলেছেন। বার্সেলোনায় খেলার আগে লিভারপুলে তার সময়টা ছিল অসাধারণ।

২০১৮ সালে প্রায় ১৪৩ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কৌতিনহো। কিন্তু ক্যাম্প ন্যু’তে প্রথম দলে জায়গা করে নিতে পারেননি। এরপরই এক মৌসুমের জন্য ধারে বায়ার্নে খেলতে যান। বার্সেলোনার হয়ে ১০৬ ম্যাচে করেছেন ২৬ গোল। কাতালান জায়ান্টদের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ এখনো ১৮ মাস বাকি রয়েছে। ২০২২-২৩ মৌসুমে এই চুক্তি শেষ হবে।

ভিলা বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৩তম স্থানে রয়েছে। আগামী ১৫ জানুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবার মধ্য দিয়ে আবারো মাঠে নামছে ভিলা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!