ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডিসেম্বর সেরার দৌড়ে প্যাটেল-স্টার্ক ও আগারওয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ৮ জানুয়ারি ২০২২
ডিসেম্বর সেরার দৌড়ে প্যাটেল-স্টার্ক ও আগারওয়াল
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর জন্য বরাবরের মতো বেছে নেয়া হয়েছে তিনজনকে

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ ডিসেম্বরের সেরার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল, অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও ভারতের মায়াঙ্ক আগারওয়াল।

গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেরা খেলোয়াড় নিবার্চনে সংক্ষিপ্ত তালিকার নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ডিসেম্বরে মাত্র ১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্যাটেল। ভারতের বিপক্ষে মুম্বাইয়ে হওয়া ঐ টেস্টে বিশ্ব রেকর্ডের পাতায় নাম তুলেন তিনি। প্রথম ইনিংসে ১১৯ রানে ১০ উইকেট নেন এই স্পিনার।

Advertisement

এই ম্যাচে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন প্যাটেল। এর আগে ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।

দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন প্যাটেল। তাই মাত্র এক ম্যাচ খেলেই গেল মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।

গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে অজিরা। দলের অ্যাশেজ জয়ে প্রধান ভূমিকা রাখেন স্টার্ক।

তিন টেস্টে ১৪ উইকেট নেন স্টার্ক। ব্রিজবেনে ৩টি, অ্যাডিলেডে ৬টি ও মেলবোর্নে ৫ উইকেট নেন তিনি। তার বোলিং গড় ছিলো- ১৯ দশমিক ৬৪। ব্যাট হাতে ১১৭ রান করেন স্টার্ক। গড় ৫৮ দশমিক ৫০।

এছাড়া ডিসেম্বরে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভারতের আগারওয়াল। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলেন তিনি।

মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ ও ৬২ রান করেছিলেন আগারওয়াল। আর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ৬০ ও ৪ রান করেন। তার ব্যাটিং গড় ছিলো- ৬৯। এই পারফরম্যান্স মাসের সেরা খেলোয়াড় হবার তালিকায় নাম উঠে তার।

গত বছরের জানুয়ারি থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার।

ভোটিং একাডেমিতে থাকেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, আর সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!