নিউজিল্যান্ডকে সম্প্রতি তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত সেই টেস্টে মুমিনুল হক এবং কাইল জেমিসনের পাশাপাশি একটি ছবি বেশ আলোচিত হয়েছিল। সেটি নিয়েই মিম তৈরি করেছে কলকাতা পুলিশ।
মাউন্ট মঙ্গানুই টেস্টে দীর্ঘদেহী কিউই পেসার কাইল জেমিসনের সামনে দাঁড়ানো মুমিনুল হককে বেশ ছোট তথা 'লিলিপুট' মনে হচ্ছিল। দুজনের বিপরীতধর্মী প্রতিক্রিয়ার ফলে ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল। এমনকি টাইগারদের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেও এই ছবি নিয়ে টুইট করেছিলেন।
.png)
এবার কলকাতা পুলিশ এই ছবিকে করোনা সতর্কতার কাজে লাগিয়েছে। তাদের তৈরি করা ছবিতে জেমিসনকে বলা হয়েছে 'করোনার তৃতীয় ঢেউ' এবং মুমিনুলকে দিয়ে বোঝানো হয়েছে 'মাস্ক ছাড়া রাস্তায়' বের হওয়া জনগণ।
স্বাভাবিকভাবেই কলতা পুলিশের ভিন্নধর্মী এই কাজ ভাইরাল হতে সময় নেয়নি। তবে এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মুমিনুলকে 'অসচেতন পথচারী' হিসেবে উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে।
আবার কেউ কেউ কলকাতা পুলিশের এমন মিমকে 'বডি শেমিং' হিসেবে উল্লেখ করেছেন। তবে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের একটি বড় অংশ ছবিটিকে স্রেফ মজা এবং সচেতনতা হিসেবেই গ্রহণ করেছেন।