আমাদের সঙ্গে অবিচার হয়েছে: পচেত্তিনো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপার দৌড় থেকে আরো একবার ছিটকে গেল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার হ্যাটট্রিকে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ফরাসি ক্লাবটি।
ম্যাচ হেরে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো দাবি করেছেন, তাদের প্রতি অবিচার করা হয়েছে। ম্যাচে রিয়ালের প্রথম গোল নিয়ে আপত্তি তুলেছেন তিনি। এই কোচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন রিয়ালের প্রথম গোলটা দেওয়া উচিত হয়নি।
এই কোচের দাবি পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাকে ফাউল করে বল কেড়ে নিয়ে গোল করেছেন বেনজেমা। ম্যাচের ৬১তম মিনিটে পিএসজির মার্কো ভেরাত্তি গোলরক্ষক দোনারুম্মাকে বল পাস দেন। এই গোলরক্ষককে ট্যাকল করে বেনজেমা বল দখল করে ভিনিসিয়াসকে পাস দেন। সেখান থেকে ফলো থ্রুতে বল পেয়ে রিয়ালকে ম্যাচে ফেরান বেনজেমা।
এই গোল নিয়ে পিএসজির কোচ বলছেন, করিম বেনজেমা দোনারুম্মার উপর চাপ প্রয়োগ করছিলেন। যার জন্য বলের উপর ধাক্কা খেয়ে পড়ে যায় পিএসজির এই ইতালিয়ান গোলরক্ষক। রেফারি এটাকে ফাউল দিতে পারতো।
সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‘আমাদের সাথে এটা অবিচার করা হয়েছে। বেনজেমা যেভাবে দোনারুম্মার থেকে বল নিয়েছে এটা নিশ্চিত ফাউল। খেলার ছোট বিষয়গুলো নজরে আনা উচিত ছিল। রেফারি ভিএআরে দেখে সিদ্ধান্ত নিতে পারতো।’
খেলার অমন পর্যায়ে এভাবে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় পিএসজি। এমনটাই দাবি করছেন পিএসজির বস পচেত্তিনো। তিনি আরো যোগ করেন, ‘ওই সিদ্ধান্ত আমাদের মনোবল ভেঙ্গে দিয়েছে। বিষয়টা আমরা মেনে নিতে পারিনি। এর আগে পর্যন্ত আমরা এগিয়েছিলাম। কিন্তু এমন সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দিয়েছে।’
এদিকে ম্যাচে এভাবে বল হারানোয় সমালোচনা হচ্ছে পিএসজির গোলরক্ষম দোনারুম্মার। তবে কোচকে পাশে পাচ্ছেন এই গোলরক্ষক। পচেত্তিনো দোনারুম্মাকে নিয়ে বলেন, ‘এটা কোনো ভুল ছিল না। বরং নিশ্চিত ফাউল এটা। খেলার নিয়ন্ত্রণ আমাদের ছিল। তবে এমন সিদ্ধান্তে দুই দলের খেলার ধরনে পরিবর্তন এনেছে।’
ম্যাচে অলআউট ফুটবল খেলেছে রিয়াল। সেটাও স্বীকার করেছেন পিএসজির এই কোচ। তিনি রিয়ালের খেলা নিয়ে আরো যোগ করেন, ‘আমরা ১৮০ মিনিট ধরে তাদের চেয়ে সেরা ছিলাম। কিন্তু রিয়াল মাদ্রিদ ১-১ সমতার সময় তাদের আর কিছু হারানোর ছিল না। তাই তারা নিজেদের সর্বস্ব উজাড় করে খেলছিল।’