ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লড়াই করে হারল টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ৩ মে ২০২৩
লড়াই করে হারল টাইগার যুবারা
ছবি- সংগৃহীত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশের যুবারা। এ ম্যাচের শেষ দিনে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা তৈরি হলেও সাকিবের শতকে সেটি এড়িয়ে গেছে টাইগাররা। তবে সফরকারীদের বিপক্ষে হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচের চতুর্থ ও শেষ দিনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন স্বাগতিকদের সামনে ড্র করার সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু যুব টাইগারদের দেওয়া ছোট টার্গেট সফরকারীরা সহজেই পেরিয়ে গেছে।

ম্যাচের শেষ দিনে পাকিস্তানের নেয়া ২৭১ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পান টাইগার দলপতি সাকিব। অবশ্য সেঞ্চুরির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ফলে পাকিস্তানের লিড পেরিয়ে মাত্র ২১ রান তুলতেই গুটিয়ে যায় সাকিবের দল। 

Advertisement

দ্বিতীয় ইনিংসে ৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২২ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানি যুবারা। অপরাজিত দুই ওপেনার শাহজাইব খান ১৫ ও আজান আওয়াইস ৪ রান করেন।

এর আগে দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক সাকিবের সেঞ্চুরি এবং আশিকের অর্ধশতকে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৯২ রান সংগ্রহ করে। তবে সাকিব ১০৬ রান এবং আশিক ফেরেন ৭৯ রানে। 

পাকিস্তানের হয়ে ৬৬ রান খরচায় ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার আলি আসফান্দ। এছাড়া তিন উইকেট শিকার করেন আরাফাত আহমেদ মিনহাজ।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো না হওয়াতেই মূলত বিপর্যয় প্রায় নিশ্চিতই ছিল। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় সাকিবের দল। জবাবে ব্যাট করতে নেমে শাহজাইবের ১৭৪ এবং ওবাইদের ৬৭ রানে ভর করে রানের পাহাড় তোলে পাকিস্তান। আড়াইশ’র বেশি লিড নিয়ে তারা থামে ৪২০ রানে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!