ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

ইংলিশ কন্ডিশনেও সফল হওয়া সম্ভব: তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ১২ মে ২০২৩
ইংলিশ কন্ডিশনেও সফল হওয়া সম্ভব: তাইজুল
তাইজুল ইসলাম। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কোনো ফলাফল হয়নি। এজন্য দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্যেই আইরিশদের মুখোমুখি হবে টিম টাইগার্স।

এর আগে বৃহস্পতিবার নিজেদের ঝালিয়ে নিতে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর এক ভিডিওবার্তায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

তিনি বলেন, ‘লাল বল ও সাদা বলের আলাদা প্রস্তুতি বলতে হয়তো সাদা বলে বৈচিত্রের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আমি সাধারণত প্রক্রিয়াটা একইরকম রাখি। টেস্ট ক্রিকেটে হয়তো ২-১টা বৈচিত্রে হয়ে যায়। তবে এখানে (ওয়ানডে) হয়তোবা ৬টা বল ৬ ধরনের করা লাগতে পারে। এই জিনিসগুলো আর কী ঠিকভাবে করা।’

Advertisement

ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই পেসারদের জন্য বাড়তি সুবিধা দেয়। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেও দেখা গেছে একই চিত্র। বাংলাদেশের ৯ উইকেটের ৮টিই নেন পেসাররা। পরে আইরিশদের ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তাই বলে এখানে যে স্পিনারদের কিছুই করার নেই, তা মানতে নারাজ তাইজুল। 

তাইজুল বলেন, ‘সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে, পেস বোলাররা ভালো করে। এটা সত্য যে, এরকম কন্ডিশনে পেসাররা ভালো করে থাকে। তারপরও উইকেটের একটা আচরণ থাকে। এই উইকেটে স্পিনাররা যে ভালো করতে পারবে না, এমন কিছু নয়। ভালো লাইন-লেংথ বজায় রেখে যদি ভালো কিছু করা যায় অবশ্যই সফল হওয়া সম্ভব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!