ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির সঙ্গে মিয়ামির চুক্তি সম্পন্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১৬ জুলাই ২০২৩
মেসির সঙ্গে মিয়ামির চুক্তি সম্পন্ন
ছবি- সংগৃহীত

আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। তবে এ ব্যাপারে এতদিন আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এমএলএসের ক্লাবটি। অবশেষে মেসির সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন করে অবশেষে সেই ঘোষণাও দিয়ে দিল ক্লাবটি।

শনিবার মেসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। 

ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস এক বিবৃতিতে বলেন, ‘মেসি ও তার পরিবারকে নতুন পরিবেশে স্বাগত জানাতে পেরে বেশ সম্মানিত বোধ করছি।’

Advertisement

তিনি আরে বলেন, ‘২০১৮ সালে আমরা একটি অভিজাত ক্লাব তৈরির অঙ্গীকার করেছিলাম, যাতে বিশ্বের বিখ্যাত খেলোয়াড়েরা খেলতে আগ্রহী হয়। ভক্তদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং বলতে চাই যে কখনো আস্থা হারাবেন না। একসঙ্গে আমরা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব।’

আনুষ্ঠানিক ঘোষণার পর মেসি নিজেও রোমাঞ্চিত। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ইন্টার মিয়ামি ও যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের পরবর্তী যাত্রা শুরু করার ব্যাপারে বেশ রোমাঞ্চিত। এটা বেশ দারুণ সুযোগ এবং আমরা সবাই সুন্দর একটা প্রজেক্ট তৈরি করব। যে লক্ষ্য আমরা ঠিক করেছি, তা অর্জন করতে একসঙ্গে কাজ করব এবং নতুন জায়গায় পারফর্ম করতে মুখিয়ে আছি।’ 

মেসিকে আজ সবার সঙ্গে পরিচয় করানো হবে মিয়ামিতে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। 

শুধু মেসিই নন, তার সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ঘরের মাঠে মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!