শনিবার স্থানীয় সময় মধ্যরাতে লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ইন্টার মিয়ামি। দুই বছরের জন্য সেখানে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি।
এদিকে লিওনেল মেসিকে নতুন পরিচয়ে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত হচ্ছে এমএলএস ক্লাব ইন্টার মিয়ামি। সোমবার বাংলাদেশ সময় ভোর চারটায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সমর্থকদের সামনে হাজির করা হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে। সে আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বাড়ানো হয়েছে আসন সংখ্যাও।
.png)
নতুন একটি মহাদেশে নতুন একটি ঠিকানায় নাম লিখিয়ে ভীষণ রোমাঞ্চিত মেসি।
চুক্তি হওয়ার পর মেসি বলেন, যুক্তরাষ্ট্রে ও ইন্টার মিয়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা চমৎকার একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলার কাজ চালিয়ে যাব।
তিনি বলেন, এখন ব্যাপারটা হলো আমাদের লক্ষ্যগুলো অর্জনের জন্য একসঙ্গে কাজ করা। আর এখানে আমার নতুন ঠিকানাকে সহায়তা করতে আমি ভীষণ আগ্রহী।
সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২১ জুলাই) মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন মেসি। সেদিন লিগস কাপের ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্সের দল ক্রুজ আজুলকে মোকাবিলা করবে তারা।
উল্লেখ্য, নতুন ক্লাবে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন বার্সেলোনার সাবেক সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেটসকে। এই দুই স্প্যানিশ তারকার সঙ্গে বার্সেলোনায় ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন তিনি। তাদের সঙ্গে চলতি সপ্তাহের শেষদিকে চুক্তি করবে মিয়ামি।