গত জুনেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মেসি। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শেষে এখন অফিসিয়ালি তিনি এখন মিয়ামির খেলোয়াড়।
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মিয়ামির সমর্থকদের সামনে হাজির করা হবে ৩৬ বছর বয়সী মেসিকে। সমর্থকদের সামনে ক্লাবের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বরণ করে নেয়া হবে বিশ্বকাপজয়ী মেসিকে।
.png)
তার আগে শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ীকে নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত-সমর্থকদের সামনে মেসিকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। মেসিকে নিয়ে নিজেদের টুইটারে দুটি ভিডিও প্রকাশ করে তারা।
ক্লাবের সহমালিক ডেভিড বেকহ্যাম দীর্ঘদিন থেকেই রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ীকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই চেষ্টায় সফল হওয়ার পর আবেগে ভেসে যাচ্ছেন ৪৮ বছর বয়সী বেকহ্যাম।
মেসিকে ক্লাবে স্বাক্ষর করানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ও ইন্টার মিয়ামির সহমালিক।
তিনি বলেন, ‘আমাদের গল্পের পরবর্তী অধ্যায়টা এখানেই শুরু হলো। ১০ বছর আগে আমি যখন এই যাত্রাটা শুরু করি (ইন্টার মিয়ামির মালিক হন), আমি স্বপ্ন দেখেছি বিশ্বের সেরা খেলোয়াড়টিকে মায়ামিতে নিয়ে আসার...এমন খেলোয়াড় যে ঠিক তেমনই উচ্চাকাঙ্ক্ষী হবে, আমি যেমনটি ছিলাম এলএ গ্যালাক্সিতে যোগ দেওর সময় এই দেশে ফুটবলের বৃদ্ধি ঘটানোর বিষয়ে এবং ফুটবলের আবেদনটা ছড়িয়ে দেয়ার জন্য, যা আমরা ভালোবাসি।’
সাবেক এ ইংলিশ কিংবদন্তি আরো বলেন, আজ স্বপ্ন সত্যি হলো। লিওর (মেসি) মতো উঁচুমানের খেলোয়াড়কে আমাদের ক্লাবে যোগ দিতে দেখার চেয়ে গর্বের আর কী হতে পারে! তবে আমি আমার একজন বন্ধুকে, এই অসাধারণ মানুষটিকে এবং তার সুন্দর পরিবারকে আমাদের কমিউনিটিতে স্বাগত জানিয়ে রোমাঞ্চিতও।