ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে এশিয়া কাপের জার্সিতে নেই পাকিস্তানের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ২৯ আগস্ট ২০২৩
যে কারণে এশিয়া কাপের জার্সিতে নেই পাকিস্তানের নাম
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসর ঘিরে নাটকীয়তার যেন শেষ নেই। ভেন্যু জটিলতা, স্কোয়াড ঘোষণায় বিড়ম্বনার পর জার্সিতে আয়োজক দেশের নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার টুর্নামেন্টের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম নিয়ে আপত্তি তুলেছে ভারত।

গণমাধ্যমের দাবি, ভারতের আপত্তিতেই এশিয়া কাপের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা হয়নি। 

বুধবার বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। এর আগে দলগুলোর জার্সিতে দেখা যায় অবাক করার মতো ব্যাপার। এশিয়া কাপের লোগো থাকলেও আয়োজক দেশের নাম নেই সেখানে। 

Advertisement

সাধারণত জার্সিতে টুর্নামেন্টের নামের পাশাপাশি আয়োজক দেশের নামও লেখা থাকে। এশিয়া কাপের সবশেষ আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও মূল আয়োজক ছিল শ্রীলংকা। তাই প্রতি দলের জার্সিতে লোগোর নিচে শ্রীলংকার নাম লেখা ছিল। কিন্তু এবার এশিয়া কাপের কোনো জার্সিতেই নেই আয়োজক পাকিস্তানের নাম। এমনকি খোদ পাকিস্তানের জার্সিতেও আয়োজক দেশের নাম নেই।

জানা গেছে, ভারতের আপত্তির কারণে কোনো দলের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখা হয়নি। বিশেষ করে নিজেদের জার্সিতে কোনোভাবেই পাকিস্তানের নাম লিখতে রাজি হয়নি ভারতের ক্রিকেট বোর্ড। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অফিশিয়াল জার্সি প্রকাশের পর দেখা যায়, সেখানে কোনো আয়োজক দেশের নাম নেই। 

এবারের এশিয়া কাপ নিয়ে শুরু থেকেই আপত্তি করতে দেখা যায় ভারতকে। তাতে টুর্নামেন্টটি বাতিলেরই শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেল করে শ্রীলংকাকে সহ-আয়োজক হিসেবে রেখে সমস্যার সমাধান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!