ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বাংলাদেশের বিপক্ষে শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ২০ জুন ২০২৪
বাংলাদেশের বিপক্ষে শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া
ফাইল ফটো

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দলে শক্তি বাড়াচ্ছে অজিরা। টাইগারদের বিপক্ষে বোলিংয়ে ফিরতে প্রস্তুত মিচেল মার্শ। সংবাদমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। 

আইপিএলের শুরুর দিকে গত এপ্রিলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান মার্শ। চলতি টি-২০ বিশ্বকাপ দিয়েই মাঠে ফেরেন তিনি। তবে প্রথম রাউন্ডে বোলিং করার অবস্থায় ছিলেন না ৩২ বছর বয়সী অলরাউন্ডার।

সুপার এইট শুরুর আগেই মার্শ পেয়েছেন সুখবর। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করার সবুজ সংকেতও দেওয়া হয়েছে তাকে। সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমি বোলিংয়ের জন্য তৈরি থাকব। তবে আমাদের যে লাইন-আপ, তাতে আমার মনে হয় না আমাকে বোলিং করতে হবে। তবে এই সংস্করণে বিকল্প থাকা খুবই জরুরি। আমরা ভাগ্যবান যে আমাদের অনেকগুলো বিকল্প আছে।’

Advertisement

স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে সুপার এইটের সম্ভাব্য কন্ডিশন মাথায় রেখে ১২ ওভার স্পিন করায় অস্ট্রেলিয়া। সেদিন বিশ্রামে ছিলেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। এখন বাংলাদেশ ম্যাচের আগে নিজের বোলিংয়ে ফেরা তাদের পেস বিভাগকে আরো সমৃদ্ধ করবে মনে করেন মার্শ।

অজি অধিনায়ক বলেন, ‘শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি। বোলিং থেকে বিরতি পাওয়া সবসময়ই ভালো। আমি প্রায়ই এটি নিয়ে মজা করি। তবে আমি আর স্টয়নিস নিয়মিতই নিজেদেরকে অলরাউন্ডার হিসেবে ধরে কথা বলি। আমরা খেলায় সম্পৃক্ত থাকতে ভালোবাসি।’

শুক্রবার সুপার এইটে গ্রুপ-১ এর ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে। আর খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!