ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। সরকারের কাছে থেকে সবুজ সংকেত পেয়ে দেশে ফেরার পথে দুবাইতে তার যাত্রা থামে। তাকে নিয়ে দেশে তৈরি হওয়া উত্তাল পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনায় তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়।
মি. অলরাউন্ডারের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বক্তব্য রাখেন।
.png)
‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা। এটা পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ আর চলতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরে নেই সাকিব। বলা বাহুল্য, পুরোপুরি অনিশ্চয়তার মুখে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। বোলিংয়ে তার উপর জারি হওয়া নিষেধাজ্ঞা।
অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনো ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব।
ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।
বর্তমানে লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে আজকের ম্যাচে ৩ বলে ৬ রান করেন তিনি। সেখানে কেবল ব্যাটার হিসেবেই তিনি খেলছেন।
বিসিবি জানিয়েছে, আইসিসির ১১.৪ ধারার অধীনে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং সব ধরনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন।