ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক নিয়ে বিতর্ক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বিষয়টি সামনে আসার পর বৈঠক অস্বীকার করাকে রাজনৈতিক ভণ্ডামি বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আবু হানিফ।
পোস্টে তিনি লেখেন, কোনো রাজনৈতিক দলের নেতারা অন্য দেশের কূটনীতিক কিংবা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এটি অস্বাভাবিক নয়। তবে বৈঠক গোপনে অনুষ্ঠিত হলে এবং পরে তা অস্বীকার করা হলে স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের সৃষ্টি হয়।
মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের প্রসঙ্গ টেনে আবু হানিফ বলেন, বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন জামায়াতের এই নেতা। বৈঠকটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য হলে তা অস্বীকার করার প্রয়োজন কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
আবু হানিফ আরও বলেন, বৈঠকটি স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের অংশ, নাকি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অংশ, তা সরকারের খতিয়ে দেখা উচিত।