ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কলাবাগানে মৃত গৃহকর্মীর পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২৮ আগস্ট ২০২৩
কলাবাগানে মৃত গৃহকর্মীর পরিচয় মিলেছে
হেনা। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডে একটি বাসায় ‘নির্যাতনে’ প্রাণ হারানো গৃহকর্মীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হেনা (১০)। 

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মৃত হক মিয়ার মেয়ে হেনা। তিন বছর আগে ময়মনসিংহে একটি ট্রেনিং করতে গিয়ে হেনাকে স্বজনদের সঙ্গে কথা বলে ঢাকায় নিয়ে আসেন গৃহকর্ত্রী সাথী আক্তার পারভীন (ডলি)। সাথী আক্তার ভূমি অফিসের সার্ভেয়ার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তিনি বলেন, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গৃহকর্ত্রী সাথীর স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি শিশুটির পরিচয়। পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে নিহত গৃহকর্মীর নাম হেনা বলে জানতে পারি।

Advertisement

এদিকে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্যাতনে গৃহকর্মী হেনা খুনে অভিযুক্ত গৃহকর্ত্রীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় গ্রেফতার করা হবে।

কলাবাগানের সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ফ্ল্যাট ই-১ এ বাসিন্দা সাথী আক্তার পারভীন তার শিশু সন্তান আর ঐ গৃহকর্মী হেনাকে নিয়ে বসবাস করতেন। গত তিন বছর ধরে হেনা ঐ বাসায় কাজ করছিল।

মৃত্যুর আনুমানিক ২৪ ঘণ্টা পর শনিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার রাতে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী এসআই বাবুল হোসেন। মামলার আসামি সাথী আক্তার পারভীন। তিনি ঘটনার পর থেকে পলাতক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!